কেন্দুয়া প্রতিনিধিঃ ২রা এপ্রিল ২০২৬খ্রি. নেত্রকোনা কোর্ট প্রাঙ্গন থকে মোঃ রাকিবুল ইসলাম অপহরন হওয়ার প্রতিবাদে ও উদ্ধারের দাবীতে নেত্রকোণার কেন্দুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় এলাকাবাসীর আয়োজনে গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে, অপহরণের ২২ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ না মেলায় এলাকাবাসী, পরিবার ও স্বজনরা চরম ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। এছাড়াও রাকিবুল ইসলামকে জীবিত উদ্ধার ও অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। রাকিবুল ইসলাম উপজেলার গড়াডোবা ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। স্ত্রী সপ্না ইয়াসমিন ও ছোট ছোট তিন কন্যা সন্তান রেখে নিখোঁজ হওয়ায় পরিবারটি এখন চরমভাবে আর্থিক ও মানসিক সংকটে পড়েছে বলে জানান স্বজনরা। রাকিবুল ইসলামের স্ত্রী সপ্না ইয়াসমিন বলেন, একটি মামলার স্বাক্ষী দিতে গিয়ে আমার স্বামী নিখোঁজ হোন। নিখোঁজের ২২ দিন পার হলেও এখনো কোনো খোঁজ পাচ্ছি না। প্রশাসন চেষ্টা করছে বলছে। তবে আমারা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। তিন সন্তান নিয়ে আমি খুব অসহায় হয়ে পড়েছি। রাকিবুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম বিদ্যা বলেন, আমার ভাই আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁর আয়েই সংসার চলত, আমার পড়াশোনার খরচ চলত। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতা জেরেই আমার ভাইকে অপহরণ করা হয়েছে। আমরা ইতোমধ্যে জেলা মডেল থানায় একটি মামলাও করেছি। এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার এসআই ও মামলার তদন্ত অফিসার ফারুক আহমেদ সরকার মুঠোফোনে জানান, আমারা ইতোমধ্যে ৫জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আরো বলেন, রাকিবুলকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply