কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় গভীর রাতে ধান চুরির ঘটনায় আঙ্গুর মিয়া (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কেন্দুয়া থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি লরী গাড়ি জব্দ ও প্রায় ১২০ কেজি চুরিকৃত ধান উদ্ধার করা হয়। সোমবার (১১ মে) দুপুরে এক সাক্ষাৎকারে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে কেন্দুয়া—মদন সড়কের গোগ বাজার বড় ব্রিজ সংলগ্ন এলাকায় গ্রেফতার করা হয় তাকো। ওই রাতে তাঁর নেতৃত্বেই এসআই মোজাম্মেল হকসহ পুলিশের একটি টহল টিম এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তিনি আরো জানান, পরে মদন উপজেলার আখাশ্রী গ্রামের ফজলু মিয়ার ছেলে আঙ্গুর মিয়ার নামোল্লেখসহ আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে এসআই মো. মোজাম্মেল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যারা কিনা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি এও উল্লেখ করেন, উদ্ধারকৃত ধানের মালিক কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের হাফিজুর রহমানের ছেলে সজীব মিয়া। সজীব মিয়া সাংবাদিকদের বলেন, রাতের বেলায় রাস্তার পাশে রাখা ধান চুরি হয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশ ধান উদ্ধার করেছে এবং একজনকে আটক করেছে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার সেকেন্ড অফিসার মো. রেজাউল করিম বলেন, বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৫)। বাকী আসামিদের শনাক্ত করে গ্রেফতার অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply