কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারের নিজ প্রতিষ্ঠান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মেকানিক ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪০)কে পুলিশের তৎপরতায় ১০ দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ২ টা ৩০ মিনিটের দিকে এ তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ। গাজীপুরের জয়দেবপুর থানার রেল স্টেশন এলাকা থেকে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে জয়দেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান। মো. মেহেদী মাকসুদ বলেন, গত ৩০ মে দিবাগত শেষ রাতে বিল্লাল হোসেন নিখোঁজ হওয়ার পর ৩১ মে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর থেকে ম্যানুয়াল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত ছিলো। গতকালও আমিসহ কেন্দুয়া থানা পুলিশের একটি দল দলপা ও আশুজিয়া ইউনিয়ন পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করি। তিনি আরো জানান, মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২ টায় প্রথমে নিখোঁজের পরিবারের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে, জয়দেবপুরের রেল স্টেশন এলাকায় দেখতে ‘বিল্লাল হোসেন’ এর মতো একজনকে পাওয়া যায়। তৎক্ষনাৎ আমরা সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে যোগাযোগ করি এবং নিশ্চিত হই, উদ্বার হওয়া ব্যক্তিই নিখোঁজ মো. বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন অপহৃত হয়েছিলো কিনা— এমন প্রশ্নের জবাবে অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ বলেন, ভিকটিম পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ্য হলে তাকে জিজ্ঞাসাবাদ ও যথাযথ তদন্ত সাপেক্ষে তা নিশ্চিত হওয়া যাবে। উল্লেখ্য বিল্লাল হোসেন দলপা ইউনিয়নের ভূইয়া পাড়া গ্রামের জামাল উদ্দিন ও ফুলেমা খাতুন দম্পতির ছেলে। গত ৬ জুন নিখোঁজের সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
Leave a Reply