কোহিনূর আলমঃ নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি। কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় কেন্দুয়ার সাহিত্য—সংস্কৃতি, মাদক, জুয়া, অনলাইন জুয়া ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়। এ সময় ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল মত নির্বিশেষে সবার বিশেষ করে সাংবাদিক সহযোগিতা অতীব গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, যুব সমাজকে সব রকমের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সাহিত্য সংস্কৃতির বিকল্প নেই। অনুষ্ঠানে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিমের লেখা একটি গান পরিবেশন করেন বাউলশিল্পী কামরুল হাসান তালুকদার সবুজ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মাসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Leave a Reply