কেন্দুয়া প্রতিনিধিঃ প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা শাখার মোটরযান কর্মচারী ইউনিয়নের ত্রি—বার্ষিক নির্বাচন আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (১২ মে) নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. তারিকুর রহমান রিপনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তা নিশ্চিত করেন। তিনি জানান, সহ—সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে ১৮৬ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচিত করা হবে। এই প্রথমবারের মতো প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নেত্রকোণা মোটরযান কর্মচারী ইউনিয়নের হেড অফিসে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এর আগে মোটরযান কর্মচারী ইউনিয়নের কমিটিগুলো সমঝোতা ও আলোচনার ভিত্তিতে গঠন করা হতো। এবারও সমন্বয়ের মাধ্যমে ১০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির বাকী পদগুলোতে দায়িত্ব বণ্টন সম্পন্ন হয়েছে। জানা গেছে, গত ২০ এপ্রিল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ২৮ এপ্রিল ৬ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সমঝোতার ভিত্তিতে এহতেশামুল হক শাহিন (বাদে আঠারবাড়ি) সভাপতি, রিপন ড্রাইভার (বান্দনাল) সিনিয়র সহ—সভাপতি, শাহিন মিয়া (বাট্টা) যুগ্ম সাধারণ সম্পাদক, সোহরাব ড্রাইভার (কান্দিউড়া) সহ—সম্পাদক, সিরাজ মিয়া (কেন্দুয়া বাজার) কোষাধ্যক্ষ, জাকির হোসেন আক্কাস (নল্লা) প্রচার সম্পাদক এবং রায়হান মিয়া (রামচন্দ্রপুর, মাসকা) দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন —মোতাসিম বিল্লাহ (জেসি), প্রতীক—হারিকেন এবং এমদাদুল হক শামীম, প্রতীক—ছাতা। সহ—সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— হুসেন ড্রাইভার, প্রতীক—ঘোড়া এবং রুস্তম আলী, প্রতীক—আম। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন — রোকোনুজ্জামান খান রোকন (বর্তমানে কারাগারে), প্রতীক—নিশান এবং নান্টু মিয়া (ডাক নাম), প্রতীক—মই। প্রসঙ্গত, কেন্দুয়া উপজেলা শাখার মোটরযান কর্মচারী ইউনিয়নের কার্যালয় প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে।
Leave a Reply