কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার আঘাতে চাচা আবু সাদেক ভূইয়া (৬৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাদেক ভূইয়া পিজাহাতী গ্রামের মৃত কাজিম উদ্দীন ভুইয়ার ছেলে। নিহতের ছেলে আলমগীর জানান, তাঁর চাচা ফিরোজ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে আজ আসরের নামাজের সময় চাচা ফিরোজ মিয়া ও চাচাতো ভাই জোনাঈদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা তাঁর বাবার ওপর হামলা চালায়। তিনি আরো অভিযোগ করেন, জোনাঈদ তাঁর বাবার বুকে ঢিল নিক্ষেপ করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ও তাঁর পরিবার এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মোঃ গোলাম মোস্তফা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান।
Leave a Reply