নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় রোববার (২৯ মার্চ) সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের লাইন কয়েকশ মিটার পর্যন্ত বিস্তৃত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অতিরিক্ত ভিড় সামাল দিতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি থাকলেও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু অসাধু চালক ও গ্রাহক একবার তেল নেওয়ার পর আবার লাইনের পেছনে গিয়ে পুনরায় জ্বালানি সংগ্রহ করছেন। এতে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পর্যাপ্ত নজরদারির অভাবে একই ব্যক্তি একাধিকবার তেল নিতে পারছেন। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই তেল পাচ্ছেন না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। অতিরিক্ত ভিড়ের কারণে কিছু অনিয়ম হয়ে থাকতে পারে বলে স্বীকার করে তারা জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ যাতে নিয়ম ভঙ্গ করে একাধিকবার তেল নিতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি বাড়ানো হবে।
Leave a Reply