বিশেষ প্রতিনিধিঃ ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমডের মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ। পরে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মহান নেতার কর্ম ও ব্যক্তিজীবনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড মণি সিংহ ছিলেন এ দেশের মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানবিরোধী গণসংগ্রাম এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয়। টঙ্ক আন্দোলনসহ কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি আজীবন লড়াই করে গেছেন। শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই ছিল তাঁর রাজনৈতিক জীবনদর্শন।
Leave a Reply