দুর্গাপুর প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুরে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুর্গাপুর থানার আয়োজনে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের হলরুমে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন— সফলতা অর্জনে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। উঠতি বয়সে মাদক, জুয়া বা অনলাইন জুয়ায় জড়িয়ে পড়লে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। ইভটিজিংয়ের শিকার হলে ভয় না পেয়ে শিক্ষক, অভিভাবক ও পুলিশকে জানানোর পরামর্শ দেন তিনি। “অপরাধীর একটাই পরিচয়—সে অপরাধী” উল্লেখ করে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন পুলিশ প্রধান। শিক্ষার্থীরা সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বন্ধের পাশাপাশি ইভটিজিংপ্রবণ স্থানগুলোতে পুলিশের টহল বাড়ানোর দাবি জানান। পুলিশ সুপার শিক্ষার্থীদের এসকল দাবির পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সভায় বাকলজোড়া ইউনিয়নের নবম শ্রেণির শিক্ষার্থী মাহাদী হাসান ফাহিমের একটি প্রশংসনীয় উদ্যোগকে বিশেষভাবে সম্মানিত করা হয়। নিজ উদ্যোগে দাদার স্মৃতির উদ্দেশ্যে ‘লাল মিয়া স্মৃতি গণপাঠাগার’ প্রতিষ্ঠা করায় পুলিশ সুপার তাকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এবং দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করার পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়া ও গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
Leave a Reply