ভ্রাম্যমান প্রতিনিধিঃ নেত্রকোণায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা সাকিনস্থ ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা পুলিশ সুপারের নির্দেশনায় দুর্গাপুর থানার একটি আভিযানিক দল উক্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— নাসির উদ্দিন (২৮), পিতা: আব্দুল আউয়াল এবং আলী আকবর (২৫), পিতা: তারা মিয়া। তারা দুজনই দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা এলাকার বাসিন্দা। পরে ঘটনাস্থল তল্লাশি করে চারটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৬০০ (ছয়শত) বোতল ভারতীয় মাদক (ফেনসিডিল) জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরাচালানের মাধ্যমে এসব মাদক সংগ্রহ করে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকার আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply