স্টাফ রিপোটার্রঃ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৩তম গণশুনানি নেত্রকোণা’য় অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের আয়োজনে এবং নেত্রকোণা জেলা প্রশাসন এর সহযোগিতায় সোমবার নেত্রকোণা পাবলিক হলে এ গণশুনানি হয়। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। প্রধান অতিথির বক্তৃতায় দুদক কমিশনার বলেন, ‘দুর্নীতিকে প্রতিরোধ করার দায়িত্ব আপনার আমার সবার। যার যেটি দায়িত্ব তিনি সেটি পালন করবেন।’ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আকতার হোসেন এবং দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ তাজুল ইসলাম ভূঁইয়া। সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর—সংস্থাসমূহের কর্মচারীদের স্বচ্ছতা—জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহিতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক সারাদেশে গণশুনানির আয়োজন করে। আজকের গণশুনানিতে ২৭টি সরকারি দপ্তরের দুদকের তফসিলভুক্ত ৯৩টি অভিযোগের শুনানি হয়। এর মধ্যে একটি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এবং ২২টি তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। বাকি অভিযোগগুলো সমন্বিত জেলা কার্যালয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply