নুর মোহাম্মদ খানঃ নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী দায়িত্ব গ্রহণের পর আটপাড়া উপজেলা পরিদর্শন করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আটপাড়া উপজেলা পরিদর্শনকালে নব-নির্বাচিত সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানায় আটপাড়া উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি ও আটপাড়া থানা অফিসার ইনচার্জ জোবায়দুর আলম। এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটপাড়া উপজেলা প্রকৌশলী আল মুতাছির বিল্লাহ, আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাক্তার উত্তম কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুর নাহার নিপা, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার প্রবীর সরকার এবং হিসাব রক্ষণ ট্রেজারি কর্মকর্তা এনামুল হক তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বরণ অনুষ্ঠান শেষে সংসদ সদস্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষি ও মৎস্য খাতের অগ্রগতি এবং দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। বিশেষ করে গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সেচ ও কৃষি সহায়তা কর্মসূচি, নিরাপদ পানি সরবরাহ এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, আটপাড়া-কেন্দুয়া উপজেলার সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে এলাকাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখা এবং সময়মতো কাজ সম্পন্ন করা অত্যন্ত জরুরি। জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকলকে দায়িত্ব পালন করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান তাঁর বক্তব্যে বলেন, সংসদ সদস্যের দিকনির্দেশনা ও সক্রিয় সহযোগিতায় উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। তিনি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং চলমান প্রকল্পসমূহ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সফরকালে সংসদ সদস্য বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন গ্রহণ করেন। তিনি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয় উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো ও সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যের এ ধরনের প্রশাসনিক তদারকি ও সমন্বয় উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় আটপাড়া উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে বলে তাঁরা মনে করেন। সফর শেষে সংসদ সদস্য প্রশাসনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয় এবং এলাকার টেকসই উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ সফরকে কেন্দ্র করে উপজেলা প্রাঙ্গণে এক সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারাও তাঁদের নির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান এবং এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
Leave a Reply