স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা—ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার পালেরঘাট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার হেলপার আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর পালেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নেত্রকোণাগামী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে—মুচড়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে ঘটনাস্থলেই নিহত হন। অপর ট্রাকের আহত চালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের দুমড়ে—মুচড়ে যাওয়া অংশ কেটে ভেতরে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহত ট্রাকচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply