কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া’র কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবীতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অধিকার আদায়ে আমরা সবাই একসাথে শ্লোগানে ফারিয়া’র সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ম্যানেজার ফোরামের আল মামুন খান, জাকির হোসেন, ফারিয়া’র সিনিয়র সহসভাপতি কামরুল হাসান, সহসভাপতি রিপন আকন্দ, সাংগঠনিক সম্পাদক রাসেল ভূঁইয়া, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আব্দুর রহমান, সোহেল, শামীম আহমেদ প্রমুখ। বক্তারা সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দালাল নয়, এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।
তারা আরো বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা বিভিন্ন সময়ে অপমান, অবমূল্যায়ন ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছি। অনেক ক্ষেত্রে আমাদেরকে অবমাননাকরভাবে “দালাল” হিসেবে অভিহিত করা হয়, যা আমাদের পেশাগত মর্যাদা ক্ষুন্ন করার পাশাপাশি সামাজিকভাবেও আমাদের সম্মানহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বক্তারা এও উল্লেখ করেন, ইতোমধ্যে কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়েছে। সারা দেশে ৩ লক্ষাধিক মেডিকেল প্রতিনিধি করোনাকালীনও মাঠে ছিলাম। তাই আমাদের দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। প্রসঙ্গত গত ৪ মে ২০২৬—এ, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল নির্মূলে এনএসআই ও শাহবাগ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় অর্ধশত জনকে আটক করে। যেখানে কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভও ছিলেন।
Leave a Reply