মদন প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে গরু আনতে গিয়ে আমিনুল ইসলাম এরশাদ (৬৩) নামের এক বৃদ্ধ কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার (২৪ই মে) সকাল ১০ টার দিকে উপজেলার বাগজান গ্রামের সামনের হাওয়ারে এ ঘটনা ঘটে।নিহত আমিনুল ইসলাম উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাই নেওয়াজ খাঁ’র ছেলে। এরশাদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একই গ্রামের নিহতের প্রতিবেশী আশরাফুল ইসলাম আকন্দ নামে এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাড়ির সামনে ঘাস খাওয়ার জন্য কৃষক আমিনুল ইসলাম এরশাদ গরু রেখে আসেন। ১০টার দিকে বৃষ্টিপাত শুরু হলে তিনি গরুগুলো বাড়ীতে আনতে যান। এরপর তিনি বজ্রপাতে আহত হন। বৃষ্টি শেষ হলে এলাকার লোকজন তাকে অজ্ঞান অবস্থা পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে তার স্বজনরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাহাতুল ইসলাম ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাম্বারে ফোন করা হলে সহকারী কমিশনের (ভূমি) শাওলিন নাহার ফোন রিসিভ করে জানান, নতুন ইউএনও স্যার যোগদান করেছেন তিনি পিআইও কে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন।
Leave a Reply