কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদকে “মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক বিডিআর সদস্য মোঃ আশরাফুল হক টিপু। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এ সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৮ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে “পিলখানায় লুট কোটিপতি সাবেক বিডিআর সদস্য” শিরোনামে তার বিরুদ্ধে যে প্রতিবেদন প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, তিনি ১৯৯৮ সালে বাংলাদেশ রাইফেলসে (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) যোগদান করেন এবং ২০১১ সালের নভেম্বর মাসে বাধ্যতামূলক অবসরে যান। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকার পাশাপাশি নিজ এলাকায় পোল্ট্রি, ফিসারিজ ও গবাদিপশুর খামার পরিচালনা করছেন। পিলখানা ঘটনার সময় তার বিরুদ্ধে লুটপাটের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে, ওই সময় তিনি খাগড়াছড়িতে কর্মরত ছিলেন এবং প্রশিক্ষণ শেষে দায়িত্ব অনুযায়ী কর্মস্থলে ফিরে যান বলে জানান। এমনকি তিনি কখনো জেলে যান নি বলেও দাবি করেন। তার সম্পদের বিষয়ে প্রচারিত তথ্য অতিরঞ্জিত বলে উল্লেখ করে তিনি বলেন, তার নামে সীমিত পরিমাণ জমি ও বসতবাড়ি রয়েছে, যা বৈধ উপার্জনের মাধ্যমে অর্জিত । তার স্ত্রীর নামেও কিছু সম্পদ রয়েছে; যা বৈধভাবে অর্জিত এবং নিয়মিত কর প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় প্রতিপক্ষ ইউসুফ আব্দুল্লাহর সঙ্গে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য সরবরাহ করে এ সংবাদ প্রচার করানো হয়েছে। তাই সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং পাশাপাশি প্রয়োজনে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। উল্লেখ্য মোঃ আশরাফুল হক টিপু উপজেলার গড়াডোবা ইউনিয়নের ভরাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ হোসনে জামানের সন্তান।
Leave a Reply