কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা দুই ঘটিকায় কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি সালাহউদ্দিন সালাম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার নুরুল হক, সাংবাদিক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, সাংবাদিক হারেছ উদ্দীন ফকির, কায়সার তালুকদার, লুৎফর রহমান হৃদয়, মঞ্জুরা আলম লিলি প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সবসময় জনগণের সামনে সত্য তুলে ধরতে কাজ করেন। তবুও তারা হামলা, মামলা, হয়রানি ও হত্যার শিকার হচ্ছেন। যা কখনোই দেশ ও জাতির জন্যে ভালো বার্তা বয়ে আনে না। এর দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে। তারা আরো বলেন, সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়। উল্লেখ্য গত বৃহস্পতিবার (৭আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। ওই ঘটনায় নিহত ব্যক্তির ভাই মোঃ সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply