নাজমুল হাসান ইমন
আমি কলম-
মানুষের দু’আঙ্গুলের ছাপে লিখে যাই-
সভ্যতার চলমান মিশ্র চিন্তাধারা।
অবশ্য, তোমাদের আগমনী বার্তা সানন্দে লিখেছিলাম সেদিন।
তারপর, কতো সভ্যতা পেরিয়ে এসেছি-
কতো কাহিনী রেখেছি, ইতিহাসের জীর্ণ অধ্যায়ে
অথচ, আমাকে স্বাধীনতা দেওয়া হয়নি।
আঙ্গুলের ডগায় চেপে ধরেছো গ্রীবা, ক্ষমতার বলয়ে।
এখনো লিখতে হয়, ক্ষুর্ধাত শিশুর অসহ্য নিভৃত ক্রন্দন
শ্রমিকের ন্যায অধিকার আদায়ে মুষ্ঠিবদ্ধ আন্দোলন
গোলটেবিল আলোচনা শেষে করি শান্তিচুক্তি, সমঝোতা স্বাক্ষর
অসম বন্টনে মানুষে মানুষে লাগে কলহ, যুদ্ধ এবঙ জ্ঞানের টক্কর।
মাঝে মাঝে অসহ্য হয়ে উগরে দেই, প্রতিবাদের কন্ঠস্বর
নিপুন দাসত্বের শিকল ছিড়ে, নেমে আসি বিপ্লবীদের সাথে
ভিন্ন নামে, ভিন্ন বয়সে শ্লোগানে শ্লোগানে
অনিয়মের লাগাম টেনে ধরি, পিচঢালা পথে।
আমাকে মুক্তি দাও, মগজের অশুভ চেতনা থেকে
সভ্যতার অশ্লীল গোপনীয়তা ভেঙে
ফিরিয়ে আনি, মানবিক মৌলিক অধিকার।
Leave a Reply