স্টাফ রিপোর্টারঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী তিন দিনব্যাপী ভূমি মেলা। উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ আয়োজন। এর আগে রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা—২০২৬’—এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় কলমাকান্দাতেও এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কানুনগো মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সার্ভেয়ার মোঃ বেলায়েত হোসেন তানভীর, নাজির কাম ক্যাশিয়ার মিল্টন সাহা, অফিস সহকারী মোঃ শাহিন মিয়া, অফিস সহকারী রকি মিয়া এবং মিউটেশন সহকারী মোঃ আফজালু রহমান। বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। ভূমি মেলার মাধ্যমে জনগণ এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন ভূমিসেবা গ্রহণের বিষয়ে আরও বেশি সচেতন হচ্ছেন। মেলায় ই—নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদনসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সেবা গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়ার জন্য বিভিন্ন স্টল ও তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। মেলা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত সেবাগ্রহীতাদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই জানান, একসাথে সব ধরনের ভূমিসেবা পাওয়ায় তারা সন্তুষ্ট এবং এতে সময় ও ভোগান্তি দুটোই কমেছে। আয়োজকরা জানান, ডিজিটাল ভূমি ব্যবস্থার সুবিধা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে, যাতে সবাই সহজে ও স্বচ্ছভাবে ভূমিসেবা গ্রহণ করতে পারেন।
Leave a Reply