নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং সামাজিক সচেতনতা জোরদারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান। সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর প্রোগ্রাম অফিসের প্রোগ্রাম অফিসার তাপসী সাংমা। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন এবং নান্দাইল ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম কো—অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং। বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শুধু একটি পরিবার নয়, গোটা সমাজ ও জাতির ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। এসব প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক মূল্যবোধ জাগ্রত করা জরুরি। তারা আরও বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ ছাড়া শিশুদের অধিকার সুরক্ষা সম্ভব নয়। শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ শ্রম থেকে তাদের দূরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নান্দাইল ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম কো—অর্ডিনেশন অফিসের কাজল দে ও মো. মোবিন উদ্দিন, ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি ও সচেতন নাগরিকরা। সভা শেষে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সবাই সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply