চপল সরকারঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব অবহেলার কারনে উপজেলার সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। অভিযোগ রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান কালেভদ্রে অফিসে আসেন। দীর্ঘদিনের অভিযোগটি সরেজমিনে অনুসন্ধান করে বুধবার (১ এপ্রিল) দেখা যায়, বেলা সাড়ে ১১ টা নাগাদ তার অফিস কক্ষ খোলা কিন্ত তিনি অফিসে নেই। কারন জানতে চাইলে অফিসের অন্যান্য স্টাফরা জানান যে, সাম্প্রতিক জ্বালানি তেলের পরিস্থিতিতে মিজানুর রহমানকে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় সেখানে তিনি ডিউটি করছেন। তাৎক্ষণিক ভাবে সাংবাদিকদের অনুসন্ধানে জানা যায় তিনি সেখানে নেই । এমনকি সাংবাদিকদের অনুসন্ধানী টিমের আরেকটি অংশ মিজানুর রহমানের নাজিরপুর ইউনিয়ন পরিষদেও না থাকার বিষয়টিও নিশ্চিত করেন। প্রসঙ্গত, মিজানুর রহমান নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বও পালন করছেন সাম্প্রতিক সময়ে। পরে বেলা ১২ টা নাগাদ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান প্রতিবেদককে জানান যে তিনি আসলে তার মোহনগঞ্জের বাড়িতে আছেন ছুটিতে। কবে ছুটি নিয়েছেন জানতে চাইলে তিনি জানান যে, কিছুক্ষণ আগে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে মৌখিকভাবে ছুটি নিয়েছেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত সেবা নিতে আসা সেবাগ্রহীতারা জানান যে, মিজানুর রহমান ও মেডিকেল অফিসার বিজয় প্রকাশ বিশ্বাস সারাবছরই কালেভদ্রে অফিস করেন। সাংবাদিকরা আসলে ছুটিতে আছেন কিংবা অন্য কোথাও ডিউটি করছেন বলে জানানো হয়। এবিষয়ে জানতে চাইলে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বেলা সোয়া ১২ টা নাগাদ জানান যে, মিজানুর রহমান কিছুক্ষণ আগে মৌখিকভাবে ছুটি নিয়েছে। আর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার বিজয় প্রকাশ বিশ্বাস দুর্গাপুরে একটি মিটিংয়ে আছে। তার এমন বক্তব্যে প্রতিবেদক জানতে চান যে তাহলে আজকে মিজানুর রহমান কি অফিসে উপস্থিত আছেন না অনুপস্থিত আছেন আপনার কি বক্তব্য তখন জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন এমন পরিস্থিতিতে তারা উপস্থিত আছেন হিসেবেই গণ্য করেন।
Leave a Reply