পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিষপান করে মো. মোবাশ্বির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে বিষপানের পর চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। শনিবার (২৮ মার্চ) পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর হোগলা ইউনিয়নের খানিরপেচ গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে মোবাশ্বির শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের অগোচরে বাড়ির আঙিনায় বিষপান করে। কিছুক্ষণ পর তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে এবং সে ছটফট করতে থাকে। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে সে বিষপানের কথা স্বীকার করে। পরে স্বজনরা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাস্তাতেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মোবাশ্বির গুরুতরভাবে মাথায় আঘাত পান। এরপর থেকেই তিনি মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করতেন এবং মাঝেমধ্যে হঠাৎ রাগান্বিত হয়ে উঠতেন। তাদের ধারণা, ওই মানসিক চাপ ও শারীরিক জটিলতার কারণেই তিনি বিষপানের মতো সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। ওসি মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply