স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার পূর্বধলায় যৌথ বাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শ্যামগঞ্জ—বিরিশিরি মহাসড়কের জালশুকা এলাকায় স্থাপিত চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় যৌথ বাহিনী সতর্ক অবস্থান নেয়। এ সময় একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে তিনটি ব্যাগের ভেতর থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনের সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার হাপ্টার হাওর গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. মোছাব্বির হোসেন ওরফে সুমন (২৭), একই উপজেলার নলুয়া চা বাগান এলাকার নীপেন্দ উরাংয়ের ছেলে অজয় উরাং (২১) এবং মাদক বহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশার চালক ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে আব্দুল সালাম (৩৫)। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮—এর ৩৬(১) সারণির ১৯(খ) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর—০৩, তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৬। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply