সৈয়দ সময়//দৈনিক দেশকন্ঠস্বর
ফুটবলের উন্মাদনাকে কাজে লাগিয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নেত্রকোনার দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। বড় পর্দায় ফুটবল খেলা দেখতে জড়ো হওয়া শত শত দর্শকের উপস্থিতিতেই আয়োজন করা হয় ব্যতিক্রমী মাদকবিরোধী শপথ ও সচেতনতামূলক কর্মসূচি, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মঙ্গলবার রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির সামনে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করতে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী। বিশেষ করে আর্জেন্টিনার জার্সি পরিহিত তরুণ সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সেই প্রাণবন্ত পরিবেশকে ইতিবাচক সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন।
খেলার বিরতিতে সংগঠনের উদ্যোগে তরুণরা হাতে তুলে নেন মাদকবিরোধী বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড। সেখানে লেখা ছিল “কলম ধরো, বই পড়ো, মাদকমুক্ত সমাজ গড়ো”, “নেশার অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসুন”, “মাদক ক্ষণিকের সুখ, চিরকালের অসুখ” এবং “মাদক কোনো সমাধান নয়, এটি কেবল ধ্বংস ডেকে আনে”। পরে সংগঠনের সভাপতি সৈকত সরকার উপস্থিত তরুণদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। ডান হাত সামনে প্রসারিত করে সবাই একসঙ্গে অঙ্গীকার করেন নিজেরা কখনো মাদকের সংস্পর্শে যাবেন না এবং পরিবার, বন্ধু ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সচেতন ভূমিকা পালন করবেন। পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে অংশ নেওয়া ফুটবলপ্রেমী রাতুল খান রুদ্র বলেন, “আমরা ফুটবল ভালোবাসি, মাঠের সবুজ আর সুস্থ প্রতিযোগিতার সৌন্দর্য ভালোবাসি।
মাদক সেই সৌন্দর্যকে ধ্বংস করছে। তাই আজ আমরা প্রতিজ্ঞা করেছি, নিজেরা মাদক থেকে দূরে থাকব এবং আমাদের আশপাশের কাউকেও এই ভয়াবহ পথে যেতে দেব না। এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।” এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, “মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বিস্তৃত করতেই আমাদের এই আয়োজন। তরুণদের হাতে থাকা প্ল্যাকার্ড শুধু কয়েকটি স্লোগান নয়, বরং একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়ার অঙ্গীকারের প্রতীক। খেলাধুলার ইতিবাচক শক্তিকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখব।” স্থানীয় সচেতন মহলের মতে, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহকে সামাজিক সচেতনতার সঙ্গে যুক্ত করার এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। তাদের বিশ্বাস, মাদকবিরোধী এই ব্যতিক্রমী আয়োজন যুবসমাজকে সচেতন করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply