কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় অসচ্ছল এক নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন উপহার দিয়েছে মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠন। সোমবার (৮ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলামের উপস্থিতিতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়। উপহার গ্রহণ করেন সদর ইউনিয়নের বিশারা গ্রামের হযরত আলীর মেয়ে সাদিয়া আক্তার। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশিকুর রহমান, সিনিয়র সহ—সভাপতি সাদিকুর রহমান সাদী, সহ—সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ, কোষাধ্যক্ষ মুফতি বায়জিদ আহমেদ, সহ—সাংগঠনিক সম্পাদক রাফিন মুন্না, সদস্য মিলন আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য, উপদেষ্টা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি আশিকুর রহমান বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাদিয়া আক্তারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তিনি জানান, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ শাকিম ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সিনিয়র সহ—সভাপতি সাদিকুর রহমান সাদী বলেন, গত পাঁচ বছর ধরে সংগঠনটি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কোষাধ্যক্ষ মুফতি বায়জিদ আহমেদ বলেন, স্থানীয় বিত্তবান ব্যক্তি ও সংগঠনের সদস্যদের সহযোগিতায় বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনা সম্ভব হবে। সহ—সাংগঠনিক সম্পাদক রাফিন মুন্না বলেন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে তুলতে সংগঠনটি নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। এসব কার্যক্রম বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি—পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনটি বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এলাকায় ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।
Leave a Reply