বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গুমুরিয়া গ্রামের মো. সবুজ মিয়া (৫৭) ও গোবিন্দপুর গ্রামের মো. শফিক (৪৮)—কে এক মাস করে এবং গোপালপুর গ্রামের মো. কদ্দুছ মিয়া (৫০)—কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তারা সবাই বারহাট্টা উপজেলার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপালপুর এলাকায় মো. কদ্দুছ মিয়ার বসতঘরে অভিযান চালায়। সেখানে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের আসর বসানোর প্রমাণ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তিনজনকে মাদকসহ আটক করা হয়। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম উপস্থিত থেকে আসামিদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। সাজা শেষে আটক ব্যক্তিদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
Leave a Reply