স্টাফ রিপোর্টারঃ জেলার বারহাট্টা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), ঢাকার সহযোগিতায় এবং জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে বারহাট্টা সি.কে.পি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন। প্রধান অতিথির জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম। নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সকলকে সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. জিনিয়া জামান, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বারহাট্টা উপজেলার এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তারা কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং বুথ স্থাপনের স্থানসমূহ পর্যবেক্ষণ করেন।
Leave a Reply